সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

বান্দরবানের আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলীকদম কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আজহার হোসেন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ এবং আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হোসাইন আহমেদ বক্তব্য দেন।

কর্মসূচিতে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৬০ থেকে ৬৫ জন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।