পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন পেকুয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম এবং সাংবাদিক এফ এম সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ বাহিনী জেলা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, মো. আল আমিন, মো. সাইফুল করিম, মো. আবু তৈয়ব ও দেলোয়ার হোছাইনসহ অনেকে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদসহ অন্যান্য সদস্য শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, ‘গ্রামের বিভিন্ন অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশই প্রথম সারিতে দায়িত্ব পালন করে। তারা সক্রিয় থাকলে গ্রামে ছোট-বড় অনেক অপরাধই প্রতিরোধ করা সম্ভব। আশা করি, পেকুয়ার গ্রাম পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘পুলিশের অন্যতম প্রধান তথ্যসূত্র গ্রাম পুলিশ। কোনো ঘটনা ঘটলে প্রাথমিকভাবে তাদের কাছ থেকেই তথ্য নেওয়া হয়।’
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন পেকুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
