পেকুয়া প্রতিনিধি:

আসন্ন বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ও পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী রাব্বানীপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে গ্রামীণ সড়ক, সেতু-কালভার্টসহ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সুষ্ঠু ও সুষমভাবে বণ্টনের দাবি জানান তারা।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোছাইন বলেন, ‘বারবাকিয়া ইউনিয়ন দীর্ঘ ১৫ বছর ধরে অবহেলিত। এখানকার গ্রামীণ অবকাঠামোর অবস্থা এতটাই খারাপ যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সরকার পরিবর্তনের পর থেকেই সেতু-কালভার্ট ও গ্রামীণ সড়ক সংস্কারে কাজ করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে ডিও নিয়ে বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নির্বাচিত হলে সরকারি বরাদ্দ ও বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা জনগণের মধ্যে সঠিকভাবে বণ্টন নিশ্চিত করব।’

ইকবাল হোছাইন আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। চেয়ারম্যান নির্বাচিত হলে বারবাকিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করছি।’

উঠান বৈঠকে বক্তারা বলেন, বারবাকিয়া ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনবান্ধব ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টনে ইকবাল হোছাইন কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোছাইন উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।