মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহিম। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষা প্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে তাঁকে এ বিরল সম্মাননা প্রদান করা হয়।

গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

সম্মাননা হিসেবে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুনী শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহিম কৃতিত্বের সাথে এমফিল, পিএইচডি, এইসি অজর্ন করা একজন কৃতি শিক্ষক ও মেধাবী সামরিক কর্মকর্তা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জেলার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলছে। জাতীয় পর্যায়ে এই গৌরবময় অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আরো এক ধাপ গেলো বলে বিশিষ্ট শিক্ষাবিদদেরা মন্তব্য করেছেন। শিক্ষাবিদদের মতে, অসাধারণ সাফল্য অর্জন করা এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির ধারাবাহিক কৃতিত্বময় পথচলা কক্সবাজারকে শিক্ষাক্ষেত্রে আরো সমৃদ্ধ করছে।