সিবিএন ডেস্ক;

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা শরণার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিনকে অপহরণ করা হয়। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার।

সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা ইন্না আমিনের ছেলে।

১৬ এপিবিএন সূত্র জানায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান শুরু করে।

একপর্যায়ে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পায়। পরে তারা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। অভিযানকারী দল ঘটনাস্থল থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বলেন, এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। তবে অপহরণে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। অপহরণকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।