নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ পৌর জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কৃষকদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার জেলা শাখার অধীন টেকনাফ পৌর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌর কৃষকদলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশাকে আটকের তথ্য পাওয়া যায়। তাঁর আটকের পর টেকনাফ পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তের ঘোষণা আসে।
এ বিষয়ে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
