মো. আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা পর কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তল্লাশিতে তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই শিশু হলো-শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন শিশু জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিশান ও আরজিন নদীর গভীর পানিতে চলে যায়। এরপর তাদের আর দেখা যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করা হয়।

জেটিঘাটে বড়শি দিয়ে মাছ শিকার করা আবদুল মজু বলেন, ‘শিশু দুটি প্রায় চার ঘণ্টা পানিতে তলিয়ে ছিল। তারা অনেক পানি খেয়েছিল। দ্রুত উদ্ধার করা গেলে হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার ছুটির দিনে জেটিঘাট এলাকায় অনেক শিশু নদীতে গোসল করতে আসে। সাধারণত তারা অল্প পানিতে থাকে। কিন্তু আজ দুই শিশু গভীর পানিতে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘দুই শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো তাদের জীবন রক্ষা করা যেত। ভবিষ্যতে যাতে শিশুরা ঝুঁকিপূর্ণভাবে নাফ নদীতে গোসল করতে না নামে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জীব নাথ বলেন, ‘স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।