এম. এ. আজিজ রাসেল

কক্সবাজারের লিংকরোডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং-সংলগ্ন আলম মোটরসের সামনে স্থাপিত চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সেখানে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। পরে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ১৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাসের তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার নুরুল আমিন (৫০)।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ তাঁদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।