এম.এ আজিজ রাসেল, সিবিএন
কক্সবাজারে রোড-শো ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ’র উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য রোড-শো’র আয়োজন করা হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ ও জনবান্ধব সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কক্সবাজারের পক্ষ থেকে সেরা ৪ জন পেশাদার চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
