নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার উখিয়ারঘোনার কৃতি সন্তান এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এতে ফুলেল শুভেচ্ছায় বরণের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২৩ অক্টোবর রাতে লামারপাড়া স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মন্নান।

তিনি বলেন, এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী তার চেম্বারের একজন কনিষ্ঠ এবং বিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজের পরিশ্রম, মেধা এবং যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছেন।

তরুন আইনজীবীদের মধ্য থেকে যে ক’জন সফলতা পেয়েছেন তার মধ্যে আয়াত উল্লাহ অন্যতম। সম্প্রতি তাকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনোনীত করেছে সরকার। এই সম্মান ও প্রাপ্তি শুধু তার একার নয়, এলাকাবাসীরও।

গণসংবর্ধনায় উপস্থিতির একাংশ

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতির উদ্দেশ্যে এডভোকেট মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, আপনারা সন্তানদের হাতে মোবাইল দিবেন না। কারণ সন্তানরা মোবাইল হাতে পেলে পড়াশোনা করে না। সময় নষ্ট করে। অনৈতিকতায় ধাবিত হয়।

তিনি বলেন, সারাদেশ মাদকে ছড়িয়ে গেছে। মাদক নির্মূলে প্রয়োজনে পুলিশকে সাথে অভিযান চালাতে হবে। মাদক কারবারসহ কোন ধরণের অপরাধীকে ছাড় দেওয়া যাবে না।

এডভোকেট আয়াত উল্লাহ হোমিনীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধন বক্তা ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক রামু উপজেলা যুবদলের সভাপতি মির্জা আবছার। তিনি আয়াত উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকার গুণীজনকে মর্যাদা প্রদানের আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট এনামুল হক সিকদার, কক্সবাজার পৌরসভা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা লোকমান সওদাগর, এডভোকেট নাছির উদ্দিন, এডভোকেট একলাস, রামু উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াস, সদস্য সচিব মাওলানা ক্বারী আব্বাস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা ছানাউল্লাহ।

গণসংবর্ধনায় বক্তৃতা দেন এড. আয়াত উল্লাহ হোমিনী

এছাড়া মাস্টার মুজিব উল্লাহ, জিয়াউল হক,, নুরুল হক, অলি উল্লাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন পুতুসহ এলাকার মান্যগণ্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সংবর্ধিত এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার বাবাসহ পরিবারের সবাই মানুষের সেবায় নিয়োজিত। কিন্তু দুঃখজনক হল, এলাকার একজন বিশেষ ব্যক্তি আমার বাবাকে মিথ্যা মামলায় আসামি বানিয়ে চার্জশিটে অন্তর্ভুক্ত করে। জেল হাজতে পাঠিয়ে পরিবারের সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র করেছে। অথচ এজাহারে আমার বাবার নাম নাই।

নিজের পরিশ্রম ও তার সফলতার কাহিনী উপস্থিত জনতার উদ্দেশ্যে তুলে ধরেন আয়াত উল্লাহ হোমিনী।

সেই সঙ্গে আগামীতে সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়নসহ ন্যায় বিচার প্রতিষ্ঠার করার প্রতিশ্রতি দেন।

জনগণ চাইলে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী।

গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে এলাকাবাসীর সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।