এম.এ আজিজ রাসেল;
কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আনিস উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার বালুখালী মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে মো. হাছনের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিস উল্লাহ উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/০৭ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম জাকির আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় আনিস উল্লাহর হাতে থাকা একটি পাটের শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো দুটি বান্ডেল থেকে ২০ হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার প্যাকেটসহ মোট ওজন ১ কেজি ৯৪০ গ্রাম। এ ছাড়া ব্যাগের ভেতর থেকে অপো এ৭৮ মডেলের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আনিস উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক অনুযায়ী মামলাটি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
