এম. এ. আজিজ রাসেল;
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনের অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডলের পাঠানো তথ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ. এম. খায়রুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করে সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পেশকারপাড়ার শফিকুর রহমান (৩০), রাওতা ঋষিপাড়ার লক্ষণ ঋষি দাস (৩৩), পেশকারপাড়ার জসীম উদ্দিন (৩৭), টেকপাড়ার ইকবাল (৪৭), পেশকারপাড়ার ফয়েজ (৩২), বড় বাজারের ইয়াছমিন আক্তার (৩০) এবং খুরুশকুল মনুপাড়ার আলাউদ্দিন (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের সাজা দেওয়া হয়। এর মধ্যে শফিকুর রহমানকে ২১ দিনের, লক্ষণ ঋষি দাস, ইকবাল, ফয়েজ ও আলাউদ্দিনকে সাত দিন করে, জসীম উদ্দিনকে তিন দিন এবং ইয়াছমিন আক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনসহ সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
