পেকুয়া প্রতিনিধি

পানের কিলি বিক্রির আড়ালে চলছিল ইয়াবার কারবার। বাইরে থেকে সাধারণ দোকান মনে হলেও ভেতরে মাদক বিক্রির অভিযোগ। গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি চক্রের সন্ধান পেয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১০২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধনিয়াকাটা স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

আটক ব্যক্তিরা হলেন টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী সালাহ উদ্দিন এবং একই এলাকার রফিক তাহেরীর ছেলে ও স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা এবং জয়নাল আবেদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে জহির উদ্দিন নামে আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান। তিনি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং ধনিয়াকাটা স্টেশনের একজন দা-এর দোকানি বলে জানিয়েছে পুলিশ।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে অভিযান চালায়। এ সময় ১০২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকাসহ দুইজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা ধনিয়াকাটা স্টেশনে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা পুলিশের নজরদারিতে ছিলেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।