পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইউসুফ আলীকে পিটিয়ে ও সড়কে আছাড় মেরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের পরিবারের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১২/২৬।
নিহত ইউসুফ আলী টৈটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশোর ছেলে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের, তার ছেলে আকাশ, স্ত্রী সালমা বেগম এবং দুই মেয়ে ফাহিমা ও জিয়াসমিন আক্তার ওরফে বালি।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয় এবং পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হন।
গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী হত্যাকাণ্ডে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।
