উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এহেচান উল্লাহ সিকদার দায়িত্ব গ্রহণের পর সরকারি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে একটি সচল সরকারি অ্যাম্বুলেন্স ও একজন দায়িত্বপ্রাপ্ত চালক রয়েছেন। রোগীর প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে এ সেবা দেওয়া হচ্ছে এবং সেবার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মোট পাঁচজন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে,এর মধ্যে দুইজন রোগীকে সরকারি নির্ধারিত ফি গ্রহণের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়, এছাড়া সহযোগী সংস্থার মাধ্যমে আরও তিনজন রোগী অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি অ্যাম্বুলেন্সটি অন্য সরকারি পরিবহন কাজে নিয়োজিত থাকলে কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে সেবা দেওয়া সম্ভব না হলে বেসরকারি সহযোগী সংস্থার মাধ্যমে বিকল্প অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করা হয়। সহযোগী সংস্থার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তাদের সহযোগিতায় প্রত্যাশী রোগীকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান-বর্তমান স্বাস্থ্য প্রশাসনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার পরিধি ও মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
সেবাগ্রহীতাদের বক্তব্য ও অভিজ্ঞতার মধ্যেও এর ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নিতে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন,এটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি আরও বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তবে কোনো তথ্য বা সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট দপ্তর থেকে সঠিক ও যাচাই করা তথ্য সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ এতে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রচারের সুযোগ কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।