পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পেকুয়া থানার ওসি (প্রশাসন) মেহেদী হাসান ও তদন্ত কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে ৫০ জনের বেশি পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। এ সময় কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযানকালে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
এর আগে কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ ডটকমে শিলখালীর কসাইপাড়া থেকে জারুলবুনিয়া পর্যন্ত মাদকের বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরপরই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম-পরিচয় ও উদ্ধার করা মাদকের পরিমাণ সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযান এখনো অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’
