নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় নারী সমাজের প্রতিনিধিরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) চৌফলদণ্ডী নারী সমাজের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রবাসী কামরুল ইসলাম রুবেলের মা কামরুন্নাহার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন আবিরা সোলতানা (বি.কম), সাদিয়া বিনতে সালাম, আনসার কমান্ডার নুরুল আমিন, তাহসান সাঈদ, মোহাম্মদ মালেক ও ভারুয়াখালীর বাসিন্দা অ্যাডভোকেট শওকত ওসমান।
স্মারকলিপিতে চৌফলদণ্ডী এলাকার পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক নগরসেবার আওতায় আনতে এলাকাটিকে কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকারীরা বলেন, কক্সবাজার শহরের সম্প্রসারণের সঙ্গে চৌফলদণ্ডীর গুরুত্বও দিন দিন বাড়ছে। পরিকল্পিত নগরায়ণ ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে এলাকাটিকে সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন।
তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন।
