তুফায়েল আহমদ:
সদর উপজেলার চৌফলদন্ডীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম।

তিনি বলেন- খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম।

তিনি আরও বলেন, ফুটবল আমাদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মধ্যেও সৌহার্দ্য বজায় রাখতে শেখায়।

কালু ফকির পাড়া ফুটবল একাদশ বনাম পানির ছড়া স্বপ্নবুনন ফুটবল একাডেমির মধ্যকার এই খেলার উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোস্তফা কামাল।

মহিম উদ্দীন ভুলু এর সভাপতিত্বে টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফোরকান মাহমুদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নুরুল ইসলাম, জিয়াউল হক জিয়া, জামায়াত নেতা মাষ্টার মনির আহমদ, মেম্বার মোহাম্মদ মিয়া জঙ্গি ও প্রবাসী সরোয়ার কামাল।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক। খেলা শুরুর পরপরই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।

টুর্নামেন্টের আয়োজকরা বলেন, শুধু প্রতিযোগিতা নয়, চৌফলদন্ডীর তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে খেলোয়াড়, দর্শক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।