সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি পিকআপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারিপাড়া সংলগ্ন সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন চালক ও ১১ জন পর্যটক রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল থেকে আলীকদম হয়ে থানচি উপজেলায় শিক্ষা সফরে যান। সফর শেষে থানচি থেকে ফেরার পথে আলীকদম-থানচি সড়কের ইসিবি চেকপোস্ট অতিক্রম করে ৯ কিলোমিটার এলাকায় পৌঁছালে একই দলের একটি পিকআপ অপর একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ১২ জন আহত হন।

দুর্ঘটনার পর সফরসঙ্গীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পর্যটক দলের অন্য সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাহাড়ি ও আঁকাবাঁকা এ সড়কে অসতর্কভাবে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।