পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া পৌরসভার সাবেক গুলদী এলাকায় একটি মৎস্য প্রকল্পের পুকুরে ডুবে নাদিয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
নিহত নাদিয়া জান্নাত পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকার মো. মনছুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা সাবেক গুলদী এলাকায় একটি আচার তৈরির কারখানায় কাজ করেন। এ কারণে তিনি সন্তানকে নিয়ে তাঁর বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার রাতে পাশের একটি মৎস্য প্রকল্পের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় মাছ মারা যায়। এরপর পুকুরটিতে মাছ ধরতে স্থানীয় লোকজন সেখানে যান। এ সময় শিশুটিও পুকুরের আশপাশে যায় বলে জানা গেছে।
পরে অন্যরা বাড়িতে ফিরে গেলেও নাদিয়া বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মৎস্য প্রকল্পের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
