পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে রাইয়ান নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একমাত্র সন্তানকে হারিয়ে মা বারবার মূর্ছা যাচ্ছেন। অন্যদিকে সুদূর সৌদি আরবে বসে সন্তানের মৃত্যুর খবর পেয়ে আহাজারি করছেন প্রবাসী বাবা ওয়াহিদুর রহমান। এ ঘটনায় দুই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাইয়ান পেকুয়া পৌরসভার শেখের কিল্লা ঘোণা এলাকার ডিসি রোডের সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সম্প্রতি মায়ের সঙ্গে সে বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়।
সোমবার বিকেলে নানার বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
একমাত্র আদরের সন্তানকে হারিয়ে মা শোকে ভেঙে পড়েছেন। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে সৌদি আরবে কর্মরত বাবা ওয়াহিদুর রহমান সন্তানের মৃত্যুসংবাদ শুনে শোকে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তাঁর কর্মস্থলের সহকর্মীরা।
ছোট্ট রাইয়ানের এমন অকাল মৃত্যুতে শেখের কিল্লা ঘোণা ও বারবাকিয়ার নোয়াখালী পাড়া এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
