কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে ৮ থেকে ১০টি ভাড়াটে পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এলেও বেশিরভাগ পরিবারই প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র, কাপড়চোপড় ও জরুরি কাগজপত্র বের করার সুযোগ পাননি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে খবর পেয়ে ৯টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টা ২০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণামতে, বাড়ির মালিক আবদুস সালামের ১৮টি সেমিপাকা বসতকক্ষ ও একটি নেলকুনি পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার কর্মীদের দ্রুত তৎপরতায় আশেপাশের প্রায় ৪০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় বসবাস করা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকার ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো পরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।