সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ আলীকদম:
বান্দরবানের আলীকদমে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে মেসার্স মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের আলীকদম গরু বাজার এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম। এ সময় আলীকদম থানা-পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রায়হানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে মো. রায়হান ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পণ্য বিক্রিতে সঠিক পরিমাপ ও মূল্যতালিকা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
