লেখক: মং এ খেন মংমং ;
ঝড়ের সাথে যুদ্ধ আমার,
বজ্র আমার গান,
অতন্দ্র স্বপ্ন জাগে চোখে,
আমি অদম্য প্রাণ।
রাজপথজুড়ে বজ্রধ্বনি,
আমার গর্জনস্বর,
অন্যায়ের এই অন্ধকারে
জ্বলি অগ্নিঝড়।
পাথর কেটে পথ বানাই
রক্ত-মাংসের জোরে,
শত আঘাতে ভেঙে পড়েও
দাঁড়াই আবার ঘুরে।
হার মানতে শেখেনি যে বীর,
সেই তো সত্যিকারের জয়ী,
ধ্বংসস্তূপ ভেঙে আবার
গড়ি নতুন ফুলের কুঁড়ি।
সংগ্রাম আমার শিরায় বয়ে,
বিপ্লব আমার রক্ত,
শোষণের সব শেকল ভাঙি,
আমি স্বাধীন শক্তি।
উন্মুক্ত আকাশের স্বপ্ন নিয়ে
উড়ি দিগন্ত পানে,
আমার ডানায় লেখা আছে
স্বাধীনতার গান।
নিজের ভেতর জ্বলে ওঠে
আলোকময় ঝড়,
আমি প্রদীপ, আমি সূর্য,
আসবে সোনালি ভোর।
শেষ বলে কিছু নেই আমার,
আমি অনন্ত শুরু,
আমি বিদ্রোহ, আমি জাগরণ,
আমি সংগ্রামের গুরু।
