সিবিএন ডেস্ক:
নিজস্ব ব্যবস্থাপনায় প্লেট স্থাপনের নির্দেশ বিআরটিএর, অমান্য করলে আইনি ব্যবস্থা
মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নম্বরপ্লেটের রং ও উপাদান
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধন করা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের মাপ
নির্দেশনায় স্কুটার ও অন্যান্য সাধারণ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।
- স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার, প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।
- অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার, প্রস্থ ৫০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।
