সিবিএন ডেস্ক:
কক্সবাজার, ৭ আগস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। তিনি বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।”
শুক্রবার কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের কোনো অনুশোচনা নেই এবং তারা দেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কখনোই দেবে না।
তিনি আরও বলেন, “তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।”
এর আগে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১-এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, কেবল ইট-পাথরের অবকাঠামো নির্মাণ নয়, প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। তার মতে, কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো একশ কিলোমিটার এলাকাজুড়ে পর্যটনবান্ধব পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে বিশ্বের ভ্রমণপিপাসুদের আরও বেশি আকৃষ্ট করা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন এলাকাকে যেভাবে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল, তা জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরিবেশ রক্ষা নিশ্চিত করে পর্যটন শিল্পের বিকাশ সম্ভব হয়।
টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকায় অপহরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় স্থানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
