সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড উচ্চশিক্ষা স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে অনুষ্ঠিত ‘Applied Psychology: Behavioural Science Advancement’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও গতিশীল করবে এবং উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্তসংখ্যক পেশাদার সাইকোলজিস্ট তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি জানান, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের ঘাটতি দূর করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, একাডেমিক বিনিময় ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে কাজ করছে। এ সময় তিনি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘোষিত স্কলারশিপের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ ঘোষণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
