নাছির উদ্দিন সোহেল, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়া খাতুন মিঠাছড়ি এলাকার বাসিন্দা আমির হোসাইনের মেয়ে। তিনি শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন (প্রকাশ বেইক্কা)-এর ছেলে হামিদের স্ত্রী। তাঁদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের মামা মো. খালেক অভিযোগ করে বলেন, মোবাইল ফোনকে কেন্দ্র করে সাফিয়ার সঙ্গে তাঁর স্বামী হামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামিদ তাঁকে বেধড়ক মারধর করেন। এতে সাফিয়ার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাঁর গলায় ফাঁস দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সাফিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে শাপলাপুর বাজারের পল্লী চিকিৎসক উজ্জ্বলের চেম্বারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামী হামিদের মা মরিয়ম খাতুন ও বোন মরদেহটি রেখে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় এলাকাবাসী সাফিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী হামিদ ও তাঁর পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।