সরওয়ার আজম মানিক, কক্সবাজার;

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

বিডিআরসিএস জানায়, চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে রেড ক্রিসেন্টের প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবেন।”

এদিন তিনি উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবির পরিদর্শন করে পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর আওতায় পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আশ্রয়শিবিরে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়কালে তাদের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং মানবিক চাহিদার কথা শোনেন বিডিআরসিএস চেয়ারম্যান। তিনি বলেন, “বিশ্বব্যাপী অর্থায়নের সংকট সত্ত্বেও মানবিক সহায়তা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অংশীদারদের সঙ্গে সমন্বয় করে বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর পাশে থাকবে।”

রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “সংকটের সময় মানুষ প্রথমে সহায়তার হাত খোঁজে, আর সেই হাতটি আপনাদের। মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় কাজ চালিয়ে যান।”

পরিদর্শনকালে তিনি উখিয়া ফিল্ড হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS), কমিউনিটি আউটরিচ (CBHFA), দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (DRM), নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH), জীবিকায়ন, আশ্রয়, জেন্ডার, সুরক্ষা ও অন্তর্ভুক্তি (PGI), কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (CEA) কার্যক্রম এবং নির্মাণাধীন গুদাম পরিদর্শন করেন।

সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম, পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO)-এর পরিচালক ও হেড অব অপারেশন আকরাম আলী খান, মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর পরিচালক সেলিম আহমেদ, আইএফআরসি (IFRC)-এর হেড অব সাব-অফিস মানিক সাহা, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০১৭ সাল থেকে আইএফআরসি ও রেড ক্রস-রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশীদারদের সহযোগিতায় কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) এবং ১৯৯২ সাল থেকে ইউএনএইচসিআরের সহযোগিতায় মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO) বাস্তবায়ন করে আসছে।