নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভাসমান অবস্থায় থাকা একটি বিদেশি ড্যানিশ ফিশিং বোট এবং তাতে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল জেলে।

শনিবার (২৫ জুলাই) সাগরে মাছ ধরে ফেরার পথে কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোট গুলিরধার এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ড্যানিশ ফিশিং বোটটি দেখতে পায়। পরে বোটে থাকা শ্রীলঙ্কার নাগরিক পিতা-পুত্র দুই জেলেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

বর্তমানে উদ্ধার হওয়া দুই জেলে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন। এছাড়া উদ্ধার করা ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের ফিশিং বোটের সঙ্গে বেঁধে তেলিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া ড্যানিশ ফিশিং বোটে থাকা বিভিন্ন মালামাল লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।