জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, গত ২৪ জুলাই (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানীর সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালান। এ সময় ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহকে হাতেনাতে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা এবং পৌর এলাকার ওমর ছিদ্দিকের জামাতা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা জানান, হাফেজ উল্লাহ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগেও তিনি ইয়াবাসহ আটক হয়েছিলেন। ওই ঘটনার পরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।