জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমনে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের প্রথম দিনেই অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার, সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রকিব, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, কোস্ট গার্ড, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৯ জনকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে পৃথকভাবে ১৬ রাউন্ড তাজা গুলি, একটি একনলা বন্দুক এবং ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় পরিচালিত এ ধরনের যৌথ অভিযান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, অনলাইন জুয়া এবং অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বিজিবি ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান অব্যাহত রাখবে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
