আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

মানবতার সেবার অঙ্গীকার নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বড়বিল আল নজির ফাউন্ডেশন। চট্টগ্রামের সাতকানিয়া ও চকরিয়া উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী প্লাবিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. হারুন আজিজী আন-নদভী নিজ হাতে বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল নজির ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এতিম, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মায়ের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবসেবা। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, বন্যায় ঘরবাড়ি, ফসল ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এমন সংকটময় সময়ে এই খাদ্য সহায়তা তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক, মাওলানা মাহবুবুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবদুর রশিদ, এনটিভি অনলাইন প্রতিনিধি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি রিদুয়ানুল হক, মাস্টার ইস্কান্দারসহ স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, আল নজির ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতেও সংগঠনটি ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।