জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বিডব্লিউ-৫, ব্লক-২-এর মৃত দিল মোহাম্মদ ও আমেনা খাতুনের ছেলে জুস মোহাম্মদ (৩০) এবং আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৫-এর মোহাম্মদ হোসেন ও মৃত কুলসুমা খাতুনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৭)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”