পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার রাজাখালীতে সুবিধাবঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলভী-মনোয়ারা ফাউন্ডেশন ও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মরহুম আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী জমিদার বাড়িতে এবং দ্বিতীয় দিন ২২ জুলাই (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দুই দিনের এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজাখালীর ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এ.জে.এম. গিয়াসউদ্দীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ, রাজাখালী বি.ইউ.আই. কামিল (মাস্টার্স) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল করিম, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি এম.এফ.এম. জাহিদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম রুবেল, আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী অনুষ্ঠানে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেক বলেন, আমাদের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখেই দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা কতটা বেশি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”