শেফাইল উদ্দিন, কক্সবাজার:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা পুলিশ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ লাইনসসহ জেলার সব থানার প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কক্সবাজার জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
