সরওয়ার কামাল, মহেশখালী;

মহেশখালীতে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। তিনি উপকারভোগী মৎস্য চাষিদের হাতে উপকরণ তুলে দেন এবং মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার। বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি সহায়তা কাজে লাগিয়ে মৎস্য চাষিরা যেন স্বাবলম্বী হতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. এরশাদ উল্লাহসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্য চাষিরা।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ এবং প্রান্তিক মৎস্য চাষিদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতেই সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।