জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা টেকনাফ থেকে আসা একটি কাঠের বোটে অভিযান চালান। এ সময় বোটটি তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর এবং জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।