চিকিৎসকের ঘাটতি পূরণ, নতুন বিভাগ চালু ও অ্যাম্বুলেন্স সেবা সংযুক্তির সিদ্ধান্ত

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২১ জুলাই, ২০২৬ ০৭:২১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, সিবিএন:

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হাসপাতালের ডিরেক্টর বডির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের বিদ্যমান সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করে চিকিৎসকের সংকট নিরসন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, নতুন বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবা সংযুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গর্জনিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মুহাম্মদ বদিউল আলম। সভা পরিচালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গরীবে নেওয়াজ।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান (সাংবাদিক) জাহাঙ্গীর আলম কাজল, ডিরেক্টর (ফাইন্যান্স) আবদুল মান্নান, ডিএমডি নুরুদ্দীন জাহাঙ্গীর সেলিম, ডিএমডি এরশাদুল্লাহ, ডিরেক্টর ডা. রহিমা আক্তার, ডা. সাকিব মুহাম্মদ আনিসুল ইসলাম, ডিরেক্টর (অ্যাডমিন) সফিউল আলম সুমন, ডিরেক্টর (সাংবাদিক) আমিনুল ইসলাম, সুব্রত দাশ, মুহাম্মদ হাসান, আব্দুল মোনাফ, মো. জাকের হোসাইন, আবু তাহের ও মিজানুর রহমানসহ ডিরেক্টর বডির অন্যান্য সদস্যরা।

সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার অগ্রগতি, বিভিন্ন বিভাগের কার্যক্রম, রোগীদের সেবার মান এবং বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি দ্রুত পূরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, বিশেষায়িত নতুন বিভাগ চালু এবং জরুরি রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে হাসপাতালের সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সংযুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া রোগীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি, দক্ষ জনবল নিয়োগ এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, গর্জনিয়া জেনারেল হাসপাতালকে এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় হাসপাতালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, ডিরেক্টর বডির সদস্য ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, সুশাসন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি, স্বচ্ছ ব্যবস্থাপনা বজায় রাখা এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভা শেষে হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সকল পরিচালক, শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে গর্জনিয়া জেনারেল হাসপাতালকে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।