জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সদস্যরা শীলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।
এ সময় মাদক পাচারের অভিযোগে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার এনায়েত আলীর ছেলে আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া গ্রামের আবুল মনসুরের ছেলে আব্দুল আমিন (২২)-কে আটক করা হয়। পাশাপাশি অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
