সিবিএন ডেস্ক;
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক তিন ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজারের সহকারী জজ আদালতে তাদের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার (২০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তাদের আটক করে। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া সীমান্ত এলাকার নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) এবং থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দাবি করেন, প্রায় দুই বছর আগে তারা আরাকান আর্মির হাতে আটক হন। এরপর থেকে রাখাইন রাজ্যের একটি ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবির পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আদালতের নির্দেশে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
