পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকায় পার্কিংয়ে রাখা একটি গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দৃশ্য ডিপোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আমজাদ হোসেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সবজীবন পাড়ার বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলেম
আমজাদ হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বারবাকিয়ার সবজীবন পাড়ায় তার মালিকানাধীন ইট ও বালুর ডিপোতে প্রতিদিনের মতো গাড়িটি পার্ক করা ছিল। ডিপোতে রাতের বেলায় দুইজন কর্মচারী অবস্থান করলেও তারা ঘুমিয়ে থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে টের পাননি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে এক ব্যক্তি ডিপোতে প্রবেশ করে গাড়ির কাছে যান। সেখানে প্রায় দুই মিনিট অবস্থান করে গাড়িতে আগুন লাগিয়ে আগুন ছড়িয়ে পড়া নিশ্চিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফুটেজে পুরো ঘটনাটি স্পষ্টভাবে ধারণ হয়েছে বলেও তিনি দাবি করেন।
আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আমজাদ হোসেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
