এম. মনছুর আলম, চকরিয়া:
টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চকরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার। বন্যাদুর্গত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা জেলেপাড়া, রসুলাবাদ ও ডেইঙ্গাকাটা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল আহমদ সিকদার, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েন। বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
