সিবিএন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।