পেকুয়া প্রতিনিধি:
খাল, চর ও স্লুইসগেট দখল করে বাঁধ দিয়ে মাছ চাষের সুযোগ আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পানি চলাচলে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাতামুহুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মরহুম মিজবাহ উদ্দীন চৌধুরী (বেলাল মিয়া)-এর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক স্থানে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত স্লুইসগেট সংস্কার, খাল-নদী পুনঃখনন এবং পানি নিষ্কাশনের পথ সচল রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “খালের চর দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ আর হবে না। পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, কৃষক, মৎস্যচাষি, লবণচাষি ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত মেরামত এবং স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
