আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বন্যাদুর্গত ১,৫০০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে বিজিবির মেডিক্যাল টিম প্রায় ৭০০ জন বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম তদারকি করেন।
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জাতীয় প্রয়োজনে জনগণের পাশে থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এ সময় বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
ত্রাণ গ্রহণকারী বন্যাদুর্গত মানুষেরা এ সহায়তার জন্য সরকার ও বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের কঠিন সময়ে এই সহায়তা তাদের পরিবারকে সাময়িক স্বস্তি দিয়েছে এবং সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চকরিয়ায় ১৫০০ পরিবারে বিজিবির ত্রাণ বিতরণ, ৭০০ জনের চিকিৎসা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
