পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পাহাড়ি এলাকায় আকস্মিক পাহাড়ধসে বসতঘরের দেয়াল চাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার নানি।
হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। টানা বর্ষণের কারণে পাহাড়ঘেঁষা বসতিতে বসবাসকারী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা বর্ষণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। সোমবার বিকেলে ভারী বৃষ্টির মধ্যে বাড়ির পেছনে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করছিল মিনহাজ ও তার নানি। এ সময় হঠাৎ পাহাড়ের একাংশ ধসে বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে শিশুটি চাপা পড়ে।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে মাটির নিচ থেকে মিনহাজকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। আহত অবস্থায় তার নানিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শিশু মিনহাজের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। একই সঙ্গে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় আবারও ভূমিধসের আশঙ্কায় অনেকেই চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভারী বর্ষণের কারণে বসতভিটার পেছনে পানি জমে যায়। সেই পানি নিষ্কাশনের সময় হঠাৎ পাহাড়ধস নেমে বসতঘরের ওপর আঘাত হানে। এতে দেয়াল চাপা পড়ে শিশু মিনহাজ ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা নানি আহত হন।”
স্থানীয়রা পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ভূমিধস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
