পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সরকারি মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় ৬০০ দুঃস্থ, অসহায় ও নারীপ্রধান পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শওকত আরা সেফু, সাত ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নির্দেশনায় মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু বলেন, “অসহায়, বিধবা, নারীপ্রধান ও দরিদ্র পরিবারের সদস্যদের কথা বিবেচনায় রেখে স্বচ্ছতার সঙ্গে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আমরা চাই, কোনো অসহায় পরিবার যেন প্রয়োজনের সময় সহযোগিতা থেকে বঞ্চিত না হয়।”
আয়োজকরা জানান, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের প্রকৃত উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
