জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঝিমংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ঝিমংখালী বিওপির সদস্যরা ইলিয়াছের ঘের এলাকায় টহল দেওয়ার সময় জেলের ছদ্মবেশে এক সন্দেহভাজন ব্যক্তিকে একটি বালতি বহন করে আসতে দেখেন। দূর থেকে তাকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, সম্প্রতি ঝিমংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা পাচারের প্রবণতা বেড়েছে। তাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র সীমান্ত এলাকার বিভিন্ন কৌশল ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে স্থানীয়দের এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিমংখালী সীমান্ত ও উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করা প্রয়োজন।