জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ লিটার মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে দমদমিয়া বিওপির সদস্যরা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ লিটার মদসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার লেংগুরবিল এলাকার মৃত রশিদ আহমদ ও নুর বেগমের ছেলে মো. নিজাম (২০) এবং নতুনপল্লানপাড়া এলাকার প্রকাশ দাশ ও দীপা দাশের ছেলে রবি দাশ (৪৮)।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মদসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
